আগামীকাল গাজীপুর চৌরাস্তায় একসাথে মহাসড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রায় দেড় ঘণ্টা পর রেললাইন থেকে সরে গেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এখন ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক।
এর আগে, উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচী পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে বন্ধ ছিল ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে মাঝিরখোলা রেলক্রসিং এ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এসময় বক্তারা বলেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে। এসময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বুধবার সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচীর ঘোষণা করেন।
ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিতকরণ।
সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীর অনুপাত ১:৫ নির্ধারণ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি নিশ্চিত করা।
১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে নিম্নস্তরের পদে নিয়োগ বন্ধ করা।
ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটানো কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ করে শিক্ষক সংকট দূর করা।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন।








