গত কয়েক মাস ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে পাঞ্জাবের সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাতি কনসার্ট ট্যুর। ভারতের ১০টি শহরে অনুষ্ঠান করবেন গায়ক। দিল্লি থেকে শুরু হয়েছিল তার এই ‘দিল-লুমিনাতি’ ট্যুর।
গেল ১৫ নভেম্বর ছিল এই ট্যুরের হায়দরাবাদের শো। কিন্তু শোয়ের দিনই তেলেঙ্গানা সরকার আইনি নোটিশ ধরিয়ে দেয় গায়ককে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি গানের মাধ্যমে মাদক সেবনের প্রচার করছেন। শুধু তা-ই নয় তার গানে রয়েছে মদের প্রসঙ্গ। সেই কারণে তার দিল্লির শোয়ের পর তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এক অধ্যাপক।
তবে এই অভিযোগে চুপ থাকেননি দিলজিৎ। এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর মঞ্চেই দিলেন গায়ক। তিনি সরাসরি তোপ দাগেন বিদেশী গায়কদের। গত অক্টোবর মাসে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিতের শোয়ের পরে যে ছবি ক্যামেরাবন্দি হয় তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতলের ছড়াছড়ি। এমনকি ১৩ বছরের নীচে শিশুদের অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি নিয়ে না যাওয়ার অনুরোধ করেন অনেকে। এবার তাদের সকলকে যেন একহাত নিলেন গায়ক।
তিনি বলেন, “যখন বিদেশ থেকে তারকারা এসে এখানে যা ইচ্ছে তাই করে যান, তখন কোন অসুবিধা হয় না! দেশের শিল্পীর যত দোষ!”
এখানেই থেমে যাননি দিলজিৎ। তার অনুষ্ঠানে বিভিন্ন সময় অনুরাগীরা আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকেই গায়ককে সামনে থেকে দেখে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। সেই নিয়ে নেটপাড়ার একাংশে সমালোচনা হয়েছে। সেটাও নজর এড়ায়নি দিলজিতের। যে সব অনুরাগীরা তার জন্য আবেগতাড়িত হয়ে পড়েন তাদের পক্ষ নিয়ে বলেন, “বেশ করেছেন কেঁদেছেন। যেটা মন চায় সেটাই করবেন।”
গেল কয়েক মাস ধরেই ইউরোপ এবং উত্তর আমেরিকায় পারফর্ম করছিলেন দিলজিৎ। গেল অক্টোবরের শেষে ভারতে তিনি হাজির হয়েছেন দিল-লুমিনাতি ম্যাজিক নিয়ে। দিল্লিতে শো শেষ করে বর্তমানে হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে চলমান তার এই সফর। – ইন্ডিয়ান এক্সপ্রেস







