আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে গেলেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে আজ (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে এই দাবি জানিয়ে জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। সেই সময়টাই তিনি পাননি। সংবিধান যেহেতু আছে, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেয়ার পরিকল্পনা ছিল তার (শেখ হাসিনার)। কিন্তু তখনই আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর থাকে এবং তখন আর সময় ছিল না। এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পায়নি। সংবিধান যেহেতু আছে, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করার নির্দেশনা দেননি জানিয়ে জয় বলেন, আমার মা ভুল কিছু করেননি। তার সরকারের লোক-জন বেআইনি কাজ করেছেন। তার মানে এই নয়, তারা আমার মায়ের নির্দেশেই এই কাজগুলো করেছে। যারা এসবের জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত।
জয় জানান, আমি আশা করি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে। আর সেই নির্বাচন হতে হবে তিন মাসের মধ্যেই। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আমি আগ্রহী।
একটি প্রশ্নের জবাবে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় বলেন, চলতি মেয়াদ পূর্ণ করে এমনিতেই আমার মা রাজনীতি থেকে অবসরে যেতেন। যদি দল আমাকে চায়, আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখব।








