ভারতীয় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাধারণত একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়টি তেমন শোনা যায় না। তবে এবার দক্ষিণী সুপারস্টার ধানুশ-সহ একাধিক তামিল তারকার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রযোজকদের সংগঠন টিএফপিসি (তামিল ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিল)।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র জানা গেছে, দক্ষিণী তারকা ধানুশ, বিশাল রেড্ডি, সিলম্বরাসন এবং অথর্ব একাধিক বার চুক্তিভঙ্গ করেছেন। তাইতো প্রযোজকদের তরফে এই অভিনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ধানুশ-সহ অভিনেতা সিলম্বরাসন ওরফে সিম্বু নাকি একটি ছবির জন্য ৬০ দিন শুটিং করার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি ওই ছবির জন্য মাত্র ২৭ দিন শুটিং করেছেন। এই অভিযোগ জানিয়েছেন ছবির প্রযোজক মাইকেল রায়াপ্পান। জানা গেছে, বিশাল রেড্ডি এক সময় প্রযোজকদের সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন। সেই সময় তিনি নাকি আর্থিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে প্রযোজকদের অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিনেতাদের মধ্যে ধানুশকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। ‘আতরঙ্গী রে’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি একটি ছবির কাজ সম্পূর্ণ করেননি। অভিযুক্ত অভিনেতারা সমস্যা না মেটালে প্রযোজকরা তাদের সঙ্গে নতুন ছবিতে কাজ করবেন না। অবশ্য অভিনেতাদের তরফে এখনও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র: কইমই








