২০১৯ সালে সর্বশেষ মুক্তি পেয়েছিল ‘ধামাল’ ফ্র্যাঞ্জাইজির তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। যার ৬ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় এই কমেডি সিরিজের চতুর্থ কিস্তি।
এবার নতুন গল্প ও নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা। ‘ধামাল’ সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন আর গানের মজা যে কারণে এই ছবি ছোট-বড় সবাই একসঙ্গে দেখতে ভালোবাসে। ‘ধামাল ৪’ এও সেই একই মজা বজায় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা।
এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সানজিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশান।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন দ্বিতীয় লটের শুটিং চলছে মুম্বাইতে। ২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।
‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ঈদে।







