হবু দম্পতিদের জন্য বিয়ের উৎসব, কী ছিল ওয়েডিং কার্নিভালে?

বিয়ের আনন্দ, ফ্যাশন, সংগীত ও বিনোদনের নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘ওয়েডিং কার্নিভাল ২০২৬’। গত ৪ নভেম্বর ঢাকার গুলশান শুটিং ক্লাব কনভেনশন হলে শুরু হওয়া এ আয়োজনের সমাপ্তি হয় ৮ নভেম্বর রাতে।
কার্নিভালে বিয়ের কেনাকাটা, সাজসজ্জা, ক্যাটারিং, ফটোগ্রাফি ও ফ্যাশন শোর পাশাপাশি সংগীত পরিবেশন করেন জেফার, প্রীতম হাসান, মুতাকিন সাবাব, কাণ্ডারী, সুরুরসহ বিভিন্ন শিল্পী ও ব্যান্ড। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, নিরব, সজল, পরীমনি, নুসরাত ফারিয়া, সাফা কবির, রুনা খান, দীঘি ও রাফসান সাবাব।
আয়োজনটির শো ডিরেক্টর সাকিব সনেট জানান, বিয়ের আয়োজনসংশ্লিষ্ট সব সেবা এক ছাদের নিচে এনে হবু দম্পতিদের প্রস্তুতি সহজ করাই ছিল কার্নিভালের মূল উদ্দেশ্য। এ আয়োজনে বিজয়ী এক দম্পতির স্বপ্নের বিয়ের আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের ওয়েডিং ও হসপিটালিটি ইন্ডাস্ট্রির বিকাশে ভূমিকা রাখবে।






