প্রবাস সংবাদ

ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত

ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড পুনর্মিলনী অনুষ্ঠিত।

ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে ফিনল্যান্ডে প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফিনল্যান্ডের উদ্যোগে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য পৃথকভাবে বিভিন্ন বিনোদনমূলক ও ইন্টারঅ্যাক্টিভ গেমের আয়োজন করা হয়। এতে খেলাধুলার পাশাপাশি ছিল আকর্ষণীয় উপহার। অনুষ্ঠানে স্মৃতিচারণ, আড্ডা এবং দীর্ঘদিন পর পরিচিতদের সঙ্গে দেখা হওয়ার আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন সবাই।

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড পুনর্মিলনী অনুষ্ঠিত।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন সভাপতি ড. আবির হাসান খানের পাশাপাশি সহযোগিতা করেন ওয়াহিদ সিদ্দিক, নাবিলা জাহান জয়ী, তাহমিনা খানম, আশিকুল ইসলাম, শোয়েব সালমান, এ কে এম ফজলে রাব্বি, আসাদুজ্জামান রাজ।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি, এসপু, ভান্তা, ট্যাম্পেরে এবং জাইভাস্কিলা শহরের অ্যালামনিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্ম, বয়স ও পেশার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন শিক্ষা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত অ্যালামনিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে একটি সুসংগঠিত, জ্ঞানভিত্তিক ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অবদান রাখা, যৌথ গবেষণা কার্যক্রমে সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণের প্রচেষ্টা থাকবে বলে জানান আয়োজকরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ, মেন্টরশিপ ও ক্যারিয়ার গঠনে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে ভবিষ্যতে বৃত্তি প্রদান এবং প্রয়োজনীয় আর্থিক ও একাডেমিক সহায়তার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সংগঠনটির। একইসঙ্গে ফিনল্যান্ড ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, সংস্কৃতি ও পেশাগত সহযোগিতার একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় অ্যাসোসিয়েশনটি।

সংগঠনটির অন্যতম ভবিষ্যৎ প্রত্যাশা প্রবাসী অ্যালামনিদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বৃহত্তর সমাজ এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই অবদান রাখা।

ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে ২০২৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য হলো ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়, সমাজ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে অবদান রাখা।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনপুনর্মিলনী অনুষ্ঠিতফিনল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…