রাজধানীর বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম অনেকটাই শেষ করে আনার কথা বলেছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯০ শতাংশ বর্জ্য অপসারণের কথা জানিয়েছে। উত্তর সিটি করপোরেশন শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। তবে এখনও অনেক স্থানেই বিক্ষিপ্তভাবে পড়ে আছে পশুবর্জ্য ও ময়লা।
ঈদের দিন দুপুর থেকে কোরবানীর পশুবর্জ্য অপসারণের কাজ শুরু করে ঢাকার দুই সিটি করপোরেশন। বিভিন্ন এলাকায় গিয়ে মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নুর তাপস বর্জ্য অপসারণ কার্যক্রম তদারক করেন।
উত্তর সিটি ১২ ঘণ্টা ও দক্ষিণ সিটি ২৪ ঘণ্টায় পশু বর্জ্য অপসারণের ঘোষণা দেয়। কন্ট্রোলরুম থেকে রোববার রাত ১১টায় জানানো হয়, দক্ষিণ সিটির ৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। আর উত্তর সিটির শতভাগ এলাকার পশুবর্জ্য অপসারনের দাবি করা হয়।
তবে মধ্যরাতে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে দেখা গেছে- বেশিরভাগ এলাকায় কাজ শেষ হলেও অনেকস্থানেই এখনো পড়ে আছে কোরবানীর বর্জ্য ও উচ্ছিষ্ট। অবশ্য পরিচ্ছন্নতাকর্মীদের আশা, অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ হবে।







