ডেঙ্গু পরীক্ষা: বেসরকারিতে ৫০০, সরকারিতে ১০০ টাকা

স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের এক সভায় অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডেঙ্গু সংক্রমণের পরীক্ষায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা এবং সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রমণ পরীক্ষা ১০০ টাকা মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোনো হাসপাতালের বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার ২৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
তিনি বলেন, পরীক্ষাসহ ডেঙ্গু চিকিৎসায় আমরা সুনির্দিষ্ট গাইডলাইন করে দিয়েছি। গাইডলাইন অনুযায়ীই সবাইকে চিকিৎসা দিতে হবে। প্লাটিলেট ব্যবহার নিয়েও গাইডলাইনে নির্দেশনা রয়েছে।
ডা. আহমেদুল কবির বলেন, সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেলে করণীয় কী হবে, প্রতিটি হাসপাতালকে নির্দেশনা দেওয়া আছে।
তিনি বলেন, রোগী বাড়লে অতিরিক্ত আবাসিক চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞকে দায়িত্ব দিতে হবে, যেন ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যহত না হয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কোন সিটিতে রোগী বেশি- সাংবাদিকদের এমন প্রশ্নে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, বেশিরভাগ হাসপাতাল দক্ষিণে, উত্তর থেকে কোনও রোগী দক্ষিণের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়, তাহলে সঠিক উপাত্ত নিয়ে আসা কঠিন। তবে আমরা বিষয়টি নিয়ে আরও কাজ করবো। কোনও তথ্য-উপাত্ত পাওয়া গেলে আপনাদের জানানো হবে।






