ডেঙ্গুতে টানা চতুর্থ দিনে আক্রান্তের নতুন রেকর্ড, মোট মৃত্যু ১০২

ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। টানা চতুর্থ দিন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। আর নতুন রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
এর আগে সোমবার ১ হাজার ১৬৩ জন, রোববার ১ হাজার ৯৭ জন এবং শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে টানা চার দিন ধরে প্রতিদিনই আগের দিনের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে।







