গেল বছর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বর্তমানে যিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তাইতো আটকে রয়েছে অভিনেত্রীর হাতে থাকা বেশ কিছু কাজ।
দীপিকাকে শেষবার দেখা গিয়েছিল ‘সিংহাম এগেইন’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকার কারণে যেই ছবির প্রচারেও আসেননি তিনি। সেই সময় থেকেই আলোচনা চলতে থাকে ঠিক কবে থেকে আবার কাজ শুরু করবেন দীপিকা।
যদিও বিরতি কাটিয়ে ফেরার প্রসঙ্গে এতদিন মুখ খোলেননি দীপিকা। তবে সম্প্রতি জানা গিয়েছিল, চলতি বছরের গ্রীষ্মেই শুরু হবে দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পার্টের শুটিং। কিন্তু এখন জানা যাচ্ছে, এই ছবির শুটিং পিছিয়েছে। গ্রীষ্মের পরিবর্তে ডিসেম্বরের শীতে শুরু হবে ‘কল্কি’র দ্বিতীয় পার্টের শুটিং। যার সবটাই নাকি দীপিকার কারণে।
জানা গেছে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সেটে ফিরবেন তিনি, যদি না মাঝে তার অন্য কোন ছবির শুটিং শুরু হয়ে যায়। ‘কল্কি’তে দীপিকা ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাস।
এই মুহূর্তে দীপিকা ব্যস্ত আছেন তার কন্যা দুয়াকে নিয়েই। প্রকাশ্যেও আসছেন কম। একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সম্প্রতি। তাতে হেঁটেছেন। ‘পাঠান ২’তেও তার থাকার কথা রয়েছে এমনই। সেই শুটিংও শুরু হওয়ার কথা ২০২৬ সালে।







