কীভাবে মারা গেল বিরল প্রজাতির ১২০টি গোলাপী ডলফিন?

গোলাপী ডলফিন জলাশয়ে লাফিয়ে উঠছে, পেছনে সবুজ গাছপালা ও বনভূমি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
আমাজন নদীর গোলাপী ডলফিন একটি বিপন্ন প্রজাতির প্রাণী যা পৃথিবীতে পাওয়া হাতে গোনা কয়েকটি স্বাদু পানির ডলফিনগুলোর একটি। সম্প্রতি ব্রাজিলের আমাজন নদীর একটি উপনদীতে এই বিরল ডলফিনের ১২০টি মৃতদেহ ভাসতে দেখা গেছে।
ব্রাজিলের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয়ের একটি গবেষণা গ্রুপ মামিরাউয়া ইনস্টিটিউটের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল (২ অক্টোবর) সোমবার ব্রাজিলের টেফে লেকের আশেপাশে আরও দুটি মৃত গোলাপী ডলফিন পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সন্দেহ করছেন যে, মারাত্মক খরা এবং তাপের কারণে একের পর এক মারা যাচ্ছে এই ডলফিন।
গত সপ্তাহ থেকেই ব্রাজিলের টেফে লেক অঞ্চলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস বা ১০২ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে৷ এই কারণে ওই অঞ্চলের জলাশয়গুলোর হাজার হাজার মাছও মারা গেছে। তবে অনেকেই মনে করছেন, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে গোলাপী ডলফিনগুলো মারা যেতে পারে।

আমাজন নদীর এই ডলফিনগুলো আকর্ষণীয় গোলাপী রঙের জন্যই পরিচিত। এটি স্বাদু জলের প্রজাতি যা শুধুমাত্র দক্ষিণ আমেরিকার নদীগুলোতেই পাওয়া যায়। ধীর প্রজনন চক্র তাদের সংখ্যাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় এই প্রজাতির ডলফিনের মৃত্যু এদের বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে।







