হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও প্রথম ইনিংসে অনবদ্য বাংলাদেশ। তানজিদ তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং শেষদিকে চাপের মুখে মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ইনিংস। সবমিলিয়ে ডারউইনে এখন পর্যন্ত আধিপত্য ধরে রেখেছে টাইগাররা। ২২৮ রানের লিড নিয়ে স্বাগতিকদের বেশ চাপেই ফেলেছে লাল-সবুজের দল।
বৃহস্পতিবার মারারা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল অস্ট্রেলিয়া। ৫৩ ওভারে ১৯৮ রানে থামে স্বাগতিকরা। জবাবে নেমে প্রথম ইনিংসে ১৩৮ ওভারে ৪২৬ রান করে বাংলাদেশ। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে অস্ট্রেলিয়া।
১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মিরাজ ৩২ রানে এবং হাসান ১৩ রানে ব্যাটে নামেন। তবে দিনের চতুর্থ ওভারে ৩৫৪ রানে হাসান মাহমুদের উইকেট হারায় বাংলাদেশ। হ্যাজেলউডের বল সরাসরি হিট করে হাসানের প্যাডে। অস্ট্রেলিয়া ফিল্ডারদের আবেদনে সাড়া দেন আম্পায়ার রিভিউ নিয়েও লাভ হয়নি। ভাঙে হাসান-মিরাজের ১৭০ বলে ৪৬ রানের জুটি। ৯২ বলে ১৪ রানে ফেরেন হাসান।
অষ্টম উইকেট জুটিতে তাইজুল ইসলাম এসে কিছুটা ওয়ানডে মেজাজে শুরু করেন। তবে ইনিংস টানতে পারলেন না বেশিক্ষণ। হ্যাজেলউডের চতুর্থ শিকার হন। অজি পেসারের গুড লেংথের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন। ব্যাটের পাশে লেগে বল যায় গ্রিনের হাতে। ১টি করে চার ও ছক্কায় ২৩ বলে ১৭ করেন। ৩৭২ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
নবম উইকেটে তাসকিনকে নিয়ে ফিফটি পূর্ণ করেনে মিরাজ। ১১৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৫টি চারের মার। টাইগার অলরাউন্ডারের ১০ টেস্ট ফিফটি এটি।
এই জুটিতে মিরাজ-তাসকিন মিলে ৪৬ রান যোগ করেন। মধ্যাহ্ন বিরতির পর নেমেই উইকেট বিলিয়ে আসেন মিরাজ। হ্যাজেলউডের অফস্টাম্পের অনেক বাইরের বলে বড় শট খেলতে চেয়েছিলেন। এজ হয়ে যায় ক্যারির গ্লাভসে। ৫ চার ও ১ ছক্কায় ১৫৪ বলে ৬৫ রান করেন মিরাজ।
হ্যাজেলউডের পঞ্চম শিকার মিরাজ, সেইসঙ্গে অজি পেসার পৌঁছান টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকে। নবম অজি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন। এরপর ১৩৮তম ওভারের শেষ বলে ইবাদতকে ফেরান তিনি। ৪২৬ রানে থামে বাংলাদেশ। ১৮ বলে ৭ রান করেন ইবাদত। তাসকিন অপরাজিত থাকেন ৩২ বলে ১৪ রানে।
প্রথম ইনিংসে টাইগার ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম সেঞ্চুরি করেন, ১০১ রানের ইনিংস খেলেন। নাজমুল হোসেন শান্ত ৮৪, মুমিনুল হক ৪৯, মুশফিকুর রহিম ৩৬ রান করেন।
অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ৬ উইকট নেন। মিচেল স্টার্ক ২, প্যাট কামিন্স ও নাথান লায়ন নেন একটি করে উইকেট।
এর আগে বৃহস্পতিবার ব্যাটে নেমে হাসান মাহমুদের তোপে পড়েছিল অজিরা। প্রথমদিনে চা বিরতির পরপর ১৯৮ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। জ্যাক ওয়েদারল্যান্ড ২৩, ট্রাভিস হেড ২২ এবং অ্যালেক্স ক্যারি ১৯ রান করেন।
১৭ ওভারে ৩ মেডেনসহ ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। তার ক্যারিয়ারসেরা বোলিং। ৩৯ রানে ২ উইকেট নেন ইবাদত হোসেন। ৫৫ রানে ২ উইকেট নেন তাসকিন।










