কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যেতে থাকা ‘বন্ধুকে উদ্ধারে করতে গিয়ে আরেক বন্ধু নিখোঁজ’ হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটনা ঘটেছে।
নিখোঁজ মো. তাহসিন (১৬) কুমিল্লা সদরের বাসিন্দা। সে কুমিল্লা সদরের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে মিজানুজ্জামান বলেন, শুক্রবার সকালে কুমিল্লা থেকে মো. তাহসিন সহ চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসে। তারা কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যায়। পরে সেখানে সাগরে গোসলে নামে।
‘গোসলের একপর্যায়ে মো. ফয়সাল (১৬) নামের এক বন্ধু স্রোতের টানে ভেসে যেতে থাকে। এসময় অন্য বন্ধুরা তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ভেসে যান মো. তাহসিন নামের আরেক বন্ধু।’
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে লাইফ গার্ড কর্মি, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মি ও জেটস্কি চালকরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তার সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে নজরদারি অব্যাহত রয়েছে।
ঘটনার ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করা হয়েছে বলে জানান চৌধুরী মিজানুজ্জামান।







