কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা।
মৃতরা হলেন- কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং একই এলাকার মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)।
তারা দু’জনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের বরাতে সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা বলেন, বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিনসহ কয়েক বন্ধু মিলে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয়রা মূমুর্ষাবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়।
পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে রাত ৮টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টের সাগরে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুল ইসলামকে মৃত উদ্ধার করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে এক স্কুলছাত্রকে মূমুর্ষাবস্থায় আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা জানান, মৃতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।







