ম্যাচের তখন মাঝপথ পেরিয়েছে কেবল। লেফট উইং থেকে ক্রস কিকের চেষ্টায় লিওনেল মেসির ডান পা মাঠে আটকে পড়ে এবং ডান পায়ের গোড়ালি মচকে যায়। খানিক পর মাঠে ফিরতে সক্ষম হলেও গোড়ালিতে অস্বস্তি ভোগাতে থাকে। পরে চোট নিয়ে হেঁটে মাঠ ছাড়েন এবং ডাগআউটে ফিরে কান্নায় ভেঙে পড়েন।
বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান মেসি। পায়ের পুরনো চোট তাকে পুরো ম্যাচেই ভোগাচ্ছিল। কোচ লিওনেল স্কালোনি বাধ্য হয়ে সেসময় মেসিকে বেঞ্চে বসিয়ে নিকোলাস গঞ্জালেসকে নামান।
আবেগে ভেঙে পড়া আর্জেন্টাইন মহাতারকা বেঞ্চে বসে চোখের জল ধরে রাখতে পারেননি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পরিণতি যেন কিছুতেই মানতে পারছিলেন না।

নির্ধারিত সময় শেষে স্কোরলাইন গোলশূন্য থাকে। ফল নির্ধারণে খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর মুহূর্তে টিভি ক্যামেরাগুলো মেসির ডান পায়ের গোড়ালির দিকে ধরা ছিল। দেখা যায় আঘাতের কারণে গোড়ালি বেশ ফুলে গেছে কিংবদন্তির।
যদিও বেদনাদায়ক সেই ঘটনার পর আনন্দের সমাপ্তির স্বাদ পান এলএম টেন। আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয় উদযাপন করেন। গোড়ালিতে ব্যথা নিয়েই মেসি সতীর্থদের সাথে আবেগী উদযাপন করেছেন, আলবিসেলেস্তেদের হয়ে আরেকটি শিরোপা উঠেছে তার হাতে। ব্যাক টু ব্যাক কোপা শিরোপা, মাঝে বিশ্বকাপ জয় তো আছেই।








