সৌদি আরবের জেদ্দায় নব নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন, জেদ্দার গভর্নর, রাজকুমার সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রিন্স সৌদ দেশটিতে কর্মরত বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন।
রোববার (১৪ ডিসেম্বর) জেদ্দার গভর্নর প্যালেসে কন্সাল জেনারেলকে স্বাগত জানান প্রিন্স সৌদ।
সাক্ষাৎকালে কুশল বিনিময়, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। জেদ্দা অঞ্চলে বাংলাদেশী প্রবাসীদের কল্যাণ, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধির উপায় খুঁজে বের করতে দুই দেশ একসাথে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশ এবং সৌদি আরব উভয়ের অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশী প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন, তাদের নিষ্ঠা এবং পেশাদারিত্বের কথা উল্লেখ করেন।
কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এ সময় বাংলাদেশী হজযাত্রীদের জন্য সৌদি কর্তৃপক্ষের চমৎকার ব্যবস্থা এবং অব্যাহত সহায়তার জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গভর্নর প্রিন্স সৌদ আরো উল্লেখ করেন যে, উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী এবং বৃহত্তর সহযোগিতার দিকে এগিয়ে চলেছে। তিনি কনসাল জেনারেলকে তার গভর্নর অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে গভর্নর অফিস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










