জুলাই আন্দোলন স্মরণে আগামী ৫ আগস্ট হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের একটি তারকাবহুল লাইনআপ।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র্যাপার সেজান।
এছাড়া বিশেষ পরিবেশনায় অংশ নেবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ এবং আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে আয়োজিত এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের ভাষ্য, মুক্তি, ঐক্য ও প্রতিবাদের যে চেতনা জুলাই আন্দোলনে জন্ম নিয়েছিল, সেই স্পিরিটকে গানের মাধ্যমে উদ্যাপন করতেই এই আয়োজন।
কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পেজে আসিফ আকবর তাঁর জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে লিখেছেন, “বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।” তিনি ভক্তদের ৫ আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।







