ঈদযাত্রায় নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার

নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার, যাত্রীরা নিরাপদে চলাচল করছে, বিভিন্ন মানুষ ও কোস্ট গার্ড সদস্যরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে নৌপথে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ, খেয়া, ফেরি ঘাটসমূহে টহল দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ শনিবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাটসমূহে টহল দেওয়া হচ্ছে।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।






