যাত্রীবাহী চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিছিন্ন!

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার কাউরাইদ-মশাখালির মাঝামাঝি বড়াইগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। সকাল ১০টা ২০ মিনিটে বড়াইগ্রাম এলাকা পর্যন্ত আসতেই হুক থেকে ট্রেনের বগি বিছিন্ন হয়ে যায়।
এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও ভাগ্যক্রমে হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক ট্রেনের ঘটনাটি টের পেলে ট্রেন থামিয়ে দেন চালক। পরে রেলওয়ের কর্মীদের চেষ্টায় ১১ টার দিকে হুকের সঙ্গে বগি সংযুক্ত করা হলে আবারও গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি।
তবে ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় কোনো রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল না। সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।






