দাবার কোর্টে জিতেছিলেন একের পর এক ম্যাচ। অল্প বয়সে প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন। তিনি দশবারের বিশ্বচ্যাম্পিয়ন কিংবদন্তি দাবাড়ু বরিস স্পাসকি। রাশিয়ান কিংবদন্তি দাবাড়ু ৮৮ বছর বয়সে মারা গেছেন।
স্পাসকির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। রাশিয়ান দাবা ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘দশবারের বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাসকি ৮৮ বছর বয়সে মারা গেছেন। এটা দেশের জন্য অনেক বড় ক্ষতি।’ তবে কখন বা কীভাবে স্পাসকি মারা গেছেন, সেটা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।
স্পাসকির মৃত্যুর খবর শুনে তার বলা কথাতেই স্মরণ করেছেন রাশিয়ার আরেক বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপরভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘দশম বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাসকি শান্তিতে ঘুমান। হাবনেরের সঙ্গে ম্যাচ ১৯৮৫ সালে আমার কাঁধের ওপর দিয়ে তিনি দেখছেন। ‘আমার গ্রেট পূর্বসুরী’ বইয়ের তৃতীয় খণ্ডে আমার ও তার গল্প বলাটা বেশ আনন্দের ছিল।’’
১৯৩৭ সালে জন্ম নেয়া স্পাসকির দাবা খেলার শুরু পাঁচ বছর বয়সে। প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন শৈশবেই। জুনিয়র পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পাশাপাশি ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, যা তখনকার সময়ে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড।
আক্রমণাত্মক ও ‘স্যাক্রিফাইসিং’ খেলায় দ্রুতই নজর কেড়ে নেয়া স্পাসকি ১৯৬১ সালে জেতেন সোভিয়েত চ্যাম্পিয়নশিপ। আট বছর পর স্বদেশি টাইগ্রান পেত্রোসিয়ানকে হারিয়ে জেতেন বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট।
১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন স্পাসকি। সেই সময় দাবা র্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন তিনি। ১৯৭১ সালে ক্যান্ডিডেটস জিতেছিলেন আমেরিকার দাবাড়ু ফিশার। তিনি সেসময় বিশ্বের এক নম্বর দাবাড়ু। তাদের দুজনের মধ্যে ১৯৭২ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াই হয়েছিল। যে ম্যাচে ১২.৫-৮.৫ ব্যবধানে জিতে নেন ফিশার।
এই জয়ে রাজনৈতিক লড়াইয়েও রাশিয়া-আমেরিকার মধ্যে উত্তেজনা তৈরি করে দিয়েছিল ফিশার ও স্পাসকি ম্যাচ। ২০০৮ সালে মারা গেছেন ফিশার। এই ম্যাচকে কেন্দ্র করে ওয়াল্টার টেভিস ‘কুইন্স গ্যাম্বিট’ উপন্যাসটি লিখেছিলেন। পরে তা নিয়ে ২০২০ সালে নেটফ্লিক্সে হিট সিরিজ তৈরি হয়।
ফিশারের কাছে হারের চার বছর পর ফ্রান্সে চলে যান তিনি। ফরাসি এক নারীকে বিয়ে করে দুবছর পর দেশটির নাগরিকত্ব নেন। এরপর বেশ কয়েকবছর জনসম্মুখে আসেননি স্পাসকি। ১৯৯২ সালে সাবেক যুগোস্লাভিয়ায় আরেকবার ফিশারের মুখোমুখি হয়েছিলেন। অনানুষ্ঠানিক সেই ম্যাচেও অবশ্য হেরেছিলেন স্পাসকি।








