ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। তারাও ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দুদলের জন্যই ম্যাচটি নিয়মরক্ষার। ম্যাচটি শেষপর্যন্ত মাঠে গড়াবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টিতে পণ্ড হতে পারে ম্যাচ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। সকাল থেকে সম্ভাবনা ৫০ শতাংশের কম থাকলেও দুপুরের পর থেকে সম্ভাবনা বেড়ে ৮০ শতাংশের বেশি বলা হয়েছে আবহাওয়া বার্তায়। তবে খুব বেশি বৃষ্টি না হলে দেরি করে হলেও মাঠে গড়াবে ম্যাচ।
রাওয়ালপিন্ডির তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে একই ভেন্যুতে অতিবৃষ্টির কারণে পণ্ড হয়েছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচ।








