বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোক ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও। আপসহীন নেত্রীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়াতে শোক, শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের অনেকেই।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে অফিশিয়াল ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে মেগাস্টার শাকিব খান লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সংগীতশিল্পী কনক চাপা লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।
চিত্রনায়িকা অপু বিশ্বাস লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।
কণ্ঠশিল্পী কোনাল লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানাই। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নির্মাতা মোস্তফা কামাল রাজ লিখেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা!
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। মডেল পিয়া জান্নাতুল লেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় এক নাম। শ্রদ্ধা, দোয়া ও স্মরণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্র্যান্ড তারকা হামিন আহমেদ লিখেছেন, একটি যুগের অবসান। সম্মানিত বেগম খালেদা জিয়া ছিলেন সেই সময়ের প্রতীক, যিনি সততা, দেশপ্রেম ও অটল মানসিকতায় ছিলেন অনন্য। ষড়যন্ত্রে ভরা একসময়ে চারপাশে যখন কুৎসিত চরিত্রদের আধিপত্য, তখনও তিনি ছিলেন অটল ও দুর্নিবার। অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আল্লাহ (সুবহানাহু ওয়া তাআলা) যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
চিত্রনায়ক নিরব লিখেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।
নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।
নির্মাতা আশফাক নিপুন লেখেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি, এ জন্যই তিনি আপসহীন নেত্রী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনও ভোলা সম্ভব নয়।
এছাড়া অভিনেতা অপূর্ব, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পূজা চেরি, আরশ খান, রুকাইয়া জাহান চমক তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিসেস জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলেও জানানো হয়েছে।








