মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাত দিবস (১২ রবিউল আউয়াল) ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে। এ সময় মহানবী (সা.) জীবনাদর্শ ও তাঁর কর্মময় জীবন নিয়ে ঐতিহ্যবাহী জশনে জুলুস পালন করেন মুসলমানরা। এ সময় পীর আউলিয়ার মাজার ভাংগার তীব্র নিন্দা জানান তারা।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালনের খবর
খাগড়াছড়ি:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে খাগড়াছড়িতে জসনে জুলুস বের করা হয়।
জেলা গাউছিয়া কমিটিসহ বিভিন্ন তরিকত পন্থী সংগঠনের সদস্য মুসলিম ধর্মাবলম্বীরা এতে অংশ নেন।
জুলুসটি খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিন করে। পরে ঈদগা মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বিভিন্ন পীর আউলিয়ার মাজার ভাংগার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ব্যাপারে কঠোর হওয়ার দাবি জানান। পরে মিলাদ, কিয়াম ও মুনাজাত করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এ. এস. এম আব্দুর রউফ শিবলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মওলানা নাসির উদ্দিন, মওলানা ওসমান গনি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি সালামের কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নোয়াখালী:
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি জেলা শহর মাইজদীতে জুশনে জুলুস আনন্দ শোভাযাত্রা বের করে। পিটিআই সম্মুখস্থ মুক্ত স্কয়ার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে মিলাদ ও কেয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে বিশাল জশনে জুলুস বের করেছে। সোমবার জুলুস টিজে লা শহরের পশ্চিম দেওভোগ মাদরাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষে জেলা শিল্প কলা একাডেমির পাশে শহিদ মিনারের সামনে এসে সালাতু সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দাওয়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সভাপতি মনোয়ার মাদানী আত্তারী এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।







