ট্রেলার মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তামিল সুপারস্টার ধানুশ অভিনীত নতুন সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’। শুক্রবার (১২ জানুয়ারি) মুক্তি পেল ছবিটি। আর মুক্তির পর থেকেই রীতিমত প্রসংশায় ভাসছে এই ছবিটি। কেননা এই ছবিকেই বলা হচ্ছে ধানুশের ক্যারিয়ারের সেরা ছবি।
আগেই জানা গিয়েছিল এই ছবিতে ধানুশকে যে রূপে দেখা যাবে সেভাবে আগে কখনোই দর্শক তাকে দেখেননি। সেই সঙ্গে ট্রেলারে ছবির অ্যাকশনও মুগ্ধ করেছিল দর্শকদের। ছবি মুক্তির পর যার অ্যাকশনকে তুলনা করা হচ্ছে হলিউডের অ্যাকশনের সাথেও।
তবে এখানেই শেষ নয়, ছবিটি মুক্তির পর এতে ক্যাপ্টেন মিলারের এন্ট্রি, ভিজ্যুয়াল, সিনেমাটোগ্রাফি, স্টোরিটেলিং, চিত্রনাট্য, টুইস্ট থেকে শুরু করে ধানুশের দূর্দান্ত পারফর্মেন্সের ব্যাপক প্রশংসা করছেন দর্শকরা। কেউ কেউ বলছেন, “বক্স অফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হবে।” আবার কেউবা বলছে, ‘এটি ধানুশের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছবি।’
এদিকে জানা গেছে, মুক্তির আগেই সিনেমাটির প্রথম দিনের প্রায় ৬০ হাজার টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বাহিরেও আরো ব্যবসা করবে ৫০ কোটি বাজেটের এই ছবিটি। সিনেমটি ভারতে ৪ হাজারের বেশি হলে মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে। চাহিদার ভিত্তিতে পরে হলসংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বক্স অফিসেও যে ছবিটি বেশ ভালো ব্যবসা করবে তা বলেই দিচ্ছে ছবিটিকে ঘিরে এর পজিটিভ রিভিউ। শুক্রবার ছবিটি মুক্তির পর ফিল্মক্রিটিক থেকে সাধারণ দর্শকও প্রশংসা করছেন।
ক্যাপ্টেন মিলার তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খনন কাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে থাকেন ক্যাপ্টেন মিলার। ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে। অরুণ মাথেশ্বরান পরিচালিত এ সিনেমায় ধানুশ ছাড়াও আছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, সন্দীপ কিশান প্রমুখ।
সূত্র: হিন্দুস্থান টাইমস








