ক্যানসার বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময় করা সম্ভব হয় না, কারণ শুরুর দিকে এই রোগ সহজে শনাক্ত করা যায় না। এই কাজকে সহজ করতেই সম্প্রতি আঙুলের ডগায় সুঁই ফুটিয়েই ব্রেন ক্যানসারের মতো অসুখ চিহ্নিত করার পদ্ধতি আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেফিল্ড ইউনিভার্সিটি এবং নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির কয়েকজন গবেষক আঙুলের ডগায় সুঁই ফুটিয়ে ব্রেন ক্যানসারের মতো অসুখ চিহ্নিত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। এতে বাড়িতে বসেই যে কেউ এই জাতীয় ক্যানসার নিজেই ধরে ফেলতে পারবেন। ফলে চিকিৎসা পরিষেবার ওপর চাপ কমবে, খরচ কমবে।
মস্তিষ্কের কয়েকটি বিশেষ টিউমা খুব দ্রুত বাড়ে যা সহজে ধরা যায় না। মাত্র ৬ মাসের মধ্যেই এগুলো বড় আকার ধারণ করে। আর তাতেই বহু মানুষের প্রাণ সংশয় দেখা দিতে পারে। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হয় এই জাতীয় ক্যানসারে। আর সেটিই এখন শুরুতেই চিহ্নিত করে ফেলতে পারবে তাদের আবিষ্কার করা পরীক্ষা পদ্ধতি।
তবে এখনই এই পরীক্ষা পদ্ধতি সর্বসাধারণের হাতে পৌঁছোচ্ছে না। এটি নিয়ে বাকি আরও কিছু পরীক্ষার। তার পরেই সাধারণের ব্যবহার যোগ্য হয়ে উঠবে এটি। এমনই বলেছেন বিজ্ঞানীরা। আগামী দিনে শুধু মস্তিষ্কের ক্যানসারই নয়, এই পরীক্ষার মাধ্যমে আরও অনেক ধরনের ক্যানসারই আগে থেকে নির্ণয় করা যাবে বলে মনে করছেন তারা।







