এআই কি সত্যিই মানুষের মতো চিন্তা করতে পারে?
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
“আমি মানুষের মতো চিন্তা করতে পারি।”
এমন দাবি করেই প্রযুক্তি বিশ্বে আলোচনায় আসে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ‘সেন্টর’।
২০২৫ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়, সেন্টর মানুষের সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ, স্মৃতি ও আচরণ বিশ্লেষণের মতো প্রায় ১৬০টি মনস্তাত্ত্বিক পরীক্ষায় মানুষের কাছাকাছি ফল দেখাতে সক্ষম। এরপর অনেকেই মনে করতে শুরু করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো ধীরে ধীরে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা অর্জন করছে।
তবে সম্প্রতি সেই দাবিকে চ্যালেঞ্জ করেছেন চীনের গবেষক ওয়েই লিউ ও নাই ডিং। তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে ন্যাশনাল সায়েন্স ওপেন-এ।
গবেষকেরা সেন্টরকে নতুনভাবে পরীক্ষা করে দেখতে চান, এআই আসলেই প্রশ্নের অর্থ বুঝতে পারে কি না, নাকি শুধু তথ্য ও প্যাটার্ন মুখস্থ করে উত্তর দেয়। পরীক্ষার সময় তাঁরা একটি সহজ নির্দেশনা দেন—“অপশন এ নির্বাচন করো।”
এআই যদি সত্যিই নির্দেশনাটি বুঝতে পারত, তাহলে প্রতিবার ‘অপশন এ’ নির্বাচন করার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেন্টর তখনো আগের তথ্যভান্ডারের তথাকথিত সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে যায়। অর্থাৎ, প্রশ্নের অর্থ না বুঝে এটি আগে শেখা তথ্যের প্যাটার্ন অনুসরণ করছিল।
গবেষকদের মতে, বিষয়টি অনেকটা এমন এক শিক্ষার্থীর মতো—যে পুরো বই না বুঝে শুধু সাজেশন মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করে। কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে করা হলেই সে বিভ্রান্ত হয়ে পড়ে।
গবেষণায় আরও বলা হয়েছে, বর্তমান বড় ভাষাভিত্তিক এআই মডেলগুলো অনেক সময় ‘ব্ল্যাক বক্স’-এর মতো কাজ করে। ফলে তারা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেটি পরিষ্কারভাবে বোঝা কঠিন। এ কারণেই এআই কখনো ভুল তথ্য দিতে পারে বা প্রশ্নের উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এআই দ্রুত উন্নত হলেও মানুষের মতো প্রকৃত ভাষা বোঝা এবং স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা অর্জন করা এখনো বড় চ্যালেঞ্জ।






