চাঁদাবাজি ও হয়রানির দায়ে অভিযুক্ত অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেল ও ক্যাবল টিভি’র বিরুদ্ধে অভিযানের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে দেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো।
মঙ্গলবার ২৭ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এটকো সভাপতি অঞ্জন চৌধুরী জানান, অবৈধ আইপি টিভি, ইউটিউব চ্যানেলগুলোর কোন নিবন্ধন নাই। দীর্ঘদিন ধরে এই সকল চ্যানেল জাতীয় সম্প্রচার নীতিমালা ও অনলাইন গণমাধ্যম নীতিমালা লংঘন করে মানহীন তথ্য ও কন্টেন্ট সম্প্রচার করে আসছিল যা দেশে এবং বিদেশে অবস্থানরত সকল শ্রেণির দর্শককে বিভ্রান্ত করছে ও দেশের ভাবমূর্তি নষ্ট করে তুলছে।
এসময় তিনি বলেন, অবৈধ আইপি টিভি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই।
এর আগে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও টেলিভিশন গণমাধ্যমকর্মীদের শীর্ষ সংস্থা ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি সরকারকে অভিনন্দন জানায়।

উল্লেখ্য, গত ১৮ জুন সকল জেলা প্রশাসককে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার ম্যাজিস্ট্রেটরা দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। কার্যক্রমের অংশ হিসেবে ২৫ জুন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং হিমাদ্রী খীসা বন্দরনগরীতে নানা অভিযোগে অভিযুক্ত সি-প্লাস টিভি, সি-ভিশন, ২৪ টিভি ও এসবিটিভি নামের অনুমোদনহীন চারটি আইপিটিভির অফিস সিলগালা করে।







