থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশের জনগণকে সাবেক রানী সিরিকিতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৯০ দিন কালো বা অনুজ্জ্বল রঙের পোশাক পরার আহ্বান জানিয়েছেন। তিনি রানি সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন।
আজ (২৫ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি সিরিকিত। ২০১৯ সাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে, যা থেকে আর সেরে উঠতে পারেননি। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রানি সিরিকিতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে। রাজপরিবারের সদস্যরা এক বছর শোক পালন করবেন। থাইল্যান্ডে ১২ আগস্ট, রানি সিরিকিতের জন্মদিনকে ১৯৭৬ সাল থেকে জাতীয় মা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। ২০১২ সালে স্ট্রোকের পর তিনি জনসম্মুখে আসা প্রায় বন্ধ করে দেন এবং মূলত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতেন।
রানি সিরিকিত ১৯৩২ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ফ্রান্সে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত। সঙ্গীত শিক্ষার সময় তিনি রাজা ভূমিবলের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন এবং পরে ১৯৫০ সালের ২৮ এপ্রিল রাজা ভূমিবলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজা ভূমিবল থাইল্যান্ডের দীর্ঘতম সময়ের রাজা ছিলেন। এই দম্পতির চার সন্তান—রাজা মহা ভাজিরালংকর্ণসহ তিন কন্যা।
রানি সিরিকিত ষাটের দশকে রাজদম্পতি বিশ্বভ্রমণে বের হন এবং মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার, ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয় ও সংগীত তারকা এলভিস প্রেসলির মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি নিয়মিতভাবে সেরা পোশাকধারী নারীর তালিকায় স্থান পান।








