রপ্তানির ডলার টাকায় বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের রেট মানলেও আমদানির ক্ষেত্রে ডলার কিনতে ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকগুলো ডলার নিয়ে অনৈতিক ও অবৈধ ব্যবসা করছে। ব্যাংকারদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংক জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রপ্তানির ডলার দ্রুত দেশে ফিরিয়ে আনারও তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডলার নিয়ে হইচই চলছে একমাস ধরে। লাফিয়ে বাড়তে থাকে ডলারের দাম। হঠাৎ করে ডলার অস্থিরতার জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী মনে করা হলেও পরে দেখা যায় কিছু ব্যাংক ও বাংকার ডলার নিয়ে আইনবহির্ভূত ব্যাবসা করেছে। বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপের পর কিছুটা স্থিতিশীলতার আভাস দেখা গেলেও এখনো আমদানিতে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ ব্যবসায়ীদের।
ডলার অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক অ্যাসোসিয়েশন অব ব্যাংক ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বাফেদার সাথে বৈঠক করেছে। তবে ব্যাংকাররা মুখে কুলুপ এঁটে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
রপ্তানি থেকে প্রাপ্ত ডলার দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।








