ভারতের অন্ধ্র প্রদেশের মার্কাপুরাম জেলায় একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর আগুন ধরে যায়, এই ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ৮ জন নিহত হওয়ার তথ্য জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। দুর্ঘটনায় বহু যাত্রী জীবন্ত দগ্ধ হন।
মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু গণমাধ্যমকে জানান, প্রায় আটজন জীবন্ত পুড়ে মারা গেছেন। এ পর্যন্ত অন্তত ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ভোর প্রায় ৬টার দিকে তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশ্যে যাচ্ছিল ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি। পথিমধ্যে লরির সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায় এবং এতে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন।
জেলা পুলিশ জানায়, আহত প্রায় ২০ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেন।
উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানান, এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নরা লোকেশ বলেন, লরি ও বাসের সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকবে।
এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি-ও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অন্ধ্র প্রদেশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।








