অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা ছিল জাসপ্রীত বুমরাহর। সেরা বোলারকে পেতে চূড়ান্ত স্কোয়াড দিতে শেষদিন পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। শঙ্কা সত্যি হয়েছে। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল আগেই দিয়েছিল ভারতের বোর্ড। যেখানে বুমরাহকে রেখে নাম জমা দিয়েছিল। সঙ্গে তাকে রাখা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও। বলা হচ্ছিল, শেষ ম্যাচটি খেলে নিজেকে আবার মাঠে ফিরিয়ে আনবেন বুমরাহ। প্রায় পাঁচ সপ্তাহের বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে ছাড়পত্র মেলেনি বুমরাহর।
মঙ্গলবার স্ক্যান করার পর জানা যায়, সহসাই বোলিংয়ে ফিরতে পারবেন না বুমরাহ। চূড়ান্ত স্কোয়াডে তাই জায়গা হয়নি তার। বুমরাহর পরিবর্তে হর্ষিত রানাকে নিয়েছে ভারত।
বুমরাহ না থাকায় বোলিং বিভাগে শক্তি আরও খানিকটা বাড়িয়েছে টিম ইন্ডিয়া। শেষমুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের বদলি হিসেবে জায়গা পেয়েছেন তিনি। জসওয়াল অবশ্য মোহাম্মদ সিরাজ ও শিভম দুবের সাথে স্ট্যান্ডবাই হিসেবে সঙ্গে থাকবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজা।
অ-ভ্রমণকারী বিকল্প: যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ ও শিভম দুবে।







