মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজন কর্মীকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে, বাল্কহেডে ধাক্কা লাগায় যাত্রীবাহী লঞ্চটি সামনের অংশের তলা ফেটে গেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক লঞ্চটি তীরে নোঙর করায় অল্পের জন্য রক্ষা পায় সাড়ে ৩ শতাধিক যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে প্রায় সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে মাটিবোঝাই এম ভি রাজিন বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজন কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম জানান, বাল্কহেডের সাথে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে তীরে নোঙর করা হয়েছে। গভীর রাতে ঢাকা সদরঘাট থেকে অপর আরেকটি লঞ্চ পূবালী-৫ এসে দূর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হয়েছে।








