ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ এখানে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে বিদায় জানান।
সুলতান ও তার সফরসঙ্গীদের বহনকারী রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ব্রুনাই দারুস সালামের সুলতান ও ইয়াং দি পারতুয়ান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দীন ওয়াদ্দৌলাহ ১৫-১৬ অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।
এটি ছিল ব্রুনাই দারুস সালামের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর।
বাংলাদেশ ও ব্রনাই দারুস সালাম সংশ্লিষ্ট খাতে বাংলাদেশ থেকে ব্রুনাই দারুস সালামে প্রয়োজনীয় ক্ষেত্রে দক্ষ ও পেশাদারসহ আরও শ্রমিক নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই স্বচ্ছ, সুশৃঙ্খল ও নৈতিকতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় সম্মত হয়েছে।
বাংলাদেশ ব্রুনাই দারুস সালামকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ-সুবিধা গ্রহণের প্রস্তাব করেছে।
ব্রুনাই দারুস সালাম প্রস্তাবটি বিবেচনায় নিয়েছে এবং উভয় দেশের পারস্পরিক সুবিধার স্বার্থে বিনিয়োগ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।







