গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বাতিল করা হয়েছে। অটোরিকশা চালকদের অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।
পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে গত ১০ ফেব্রুয়ারি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ৬ দিন পর সেই নির্দেশনা স্থগিত করেছে সংস্থাটি।
এর আগে ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়ে বিআরটিএ থেকে বলা হয়, পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা হবে।
এতে বলা হয়, গ্যাস বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিআরটিএ থেকে অতিরিক্ত ভাড়া নিলে মামলার আদেশ দেয়ার পর গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান সিএনজি চালকরা। রোববার সকালেও রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান সিএনজিচালিত অটোরিকশার চালকরা। চালকদের প্রতিবাদের মুখে মামলার আদেশ স্থগিত করলো বিআরটিএ।








