প্রচণ্ড গরমে প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান হয়েছেন তিনজন ব্রিটিশ সৈন্য। লন্ডনে বার্ষিক ট্রুপিং দ্য কালার প্যারেডের সময় এ ঘটনা ঘটে, বর্তমানে সেখানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। প্যারেডের সময় সৈন্যদের পরনে ছিল পশমের টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি।
শনিবার (১০ জুন) লন্ডনে এ ঘটনা ঘটে বলে ফক্স নিউজ জানিয়েছে।
প্রিন্স উইলিয়াম এক টুইট বার্তায় লিখেছেন, “আজ সকালে গরমে কর্ণেলের রিভিউতে অংশ নেয়া প্রত্যেক সৈনিককে অনেক ধন্যবাদ। কঠিন পরিস্থিতি, কিন্তু তারপরেও আপনারা সবাই সত্যিই ভালো কাজ করেছেন। ধন্যবাদ।”
একজন সৈন্য যিনি অজ্ঞান হয়েছিলেন, তিনি জ্ঞান ফিরে পেয়ে আবার খেলা চালিয়ে যাওয়ার চেষ্টায় করেছিলেন। চিকিৎসকরা সেসময় তাকে সাহায্য করতে ছুটে আসেন।
বিবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা দক্ষিণ ইংল্যান্ডের জন্য তাপদাহের আবহাওয়া সতর্কতা জারি করেছে।
শনিবারের অনুষ্ঠানটি ছিল ট্রুপিং দ্য কালারের একটি মহড়া, যা রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে প্রতি জুন মাসে অনুষ্ঠিত একটি বার্ষিক সামরিক কুচকাওয়াজ। রাজা তৃতীয় চার্লস আগামী ১৭ জুন অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন।







