বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের অপ্রীতিকর বক্তব্য ঘিরে অস্থিরতা চলছে বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারদের দাবির মুখে নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড। পাশাপাশি বলেছে, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরেন, অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করা হবে।
বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বলেছেন, ‘নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। পাশাপাশি এটাও বলতে চাই, আজকে দ্বিতীয় ম্যাচের আগে যদি ক্রিকেটাররা মাঠে না ফেরেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করা হবে।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড চাইলেও নির্বাচিত কাউকে পরিচালক পদ থেকে সরাতে পারবে না। কেবলমাত্র কোন পরিচালকের মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য হয়। তবে নাজমুল নিজে থেকে পদত্যাগ করলে তখনই বিসিবি তাকে ছাড়তে পারবে।
নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরানোর বিষয়ে বিকেলে বিবৃতি দিয়েছে বিসিবি। বলেছে, ‘সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে এবং বোর্ডের সর্বোত্তম স্বার্থে, বিসিবি সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে সভাপতির উপর অর্পিত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বোর্ডের বিষয়গুলোর সুষ্ঠু ও কার্যকর কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, বিসিবি সভাপতি অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন।’
বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় মাঠে নামার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের। ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের।







