সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়ানোর আগের দিন আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে মালিকানা ছাড়ে চট্টগ্রাম রয়্যালস। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বেশ চাপেই আছে আয়োজকরা, স্বীকারও করে নিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
বৃহস্পতিবার চট্টগ্রামের মালিকানা বদলের প্রসঙ্গে মিঠু বলেছেন, ‘তারা (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি) বলেছেন আর্থিকভাবে তারা খুব বেকায়দায় আছে। কারণ তারা কোনো স্পন্সর পায়নি। গত এক মাস ধরে নানান গুজব ছড়িয়েছে, তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে প্রেসে অনেক কথা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেই জন্য স্পন্সর জোগাড় করতে পারেনি, এটার বোঝা তারা নিতে পারছে না।’
টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল ইন্টিগ্রিটি ও খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে কোন ছাড় দেবেন না। এ প্রসঙ্গে মিঠু বলেছেন, ‘আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটুও নড়বো না। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু, দ্বিতীয়টা খেলোয়াড়দের পারিশ্রমিক।’
বিপিএলের একদিন আগের এমন পরিস্থিতি নিয়ে চাপে বিসিবি। মিঠু বলেন, ‘অবশ্যই, চাপে আছি। দুই-তিন ঘণ্টা আগে যদি একটা দল বলে আমরা আর্থিকভাবে সাপোর্ট দিতে পারছি না। এটা প্রচণ্ড চাপের। তারপরও আমরা সামলে নিয়ে হাবিবুল বাশারকে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করিয়ে দুই ঘণ্টার মধ্যে টিম ডিরেক্টর, কোচ বাবুলকে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে। আর নাফিস ইকবালকে ম্যানেজার করে ক্রিকেট বোর্ড মালিকানা নিয়েছে। যে চিঠিটা আমাদের দিয়েছে এটা লিগ্যাল বিষয়ের জন্য আমাদের লিগ্যাল দলকে পাঠিয়েছি।’







