গত ডিসেম্বরের ৩০ তারিখে শুরু হওয়া বিপিএলের লিগপর্ব শেষ হয়েছে শনিবার। এবার প্লে-অফ। টেবিলের সেরা চার দল লড়বে পরবর্তী পর্বে। প্লে-অফের প্রথমদিনে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারে খেলবে দলগুলো।
লিগপর্বে সবকটি ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরিশাল। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিটাগং। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দল দুটি।
তিনে থাকা রংপুর রাইডার্সের পয়েন্টও ১৬। টানা আট জয়ের পর টানা চার হারে রানরেটে পিছিয়ে পড়েছে তারা। তাতে রংপুরকে (০.৫৯৬) টপকে যায় চিটাগং (১.৩৯৫)। সেরা দুই থেকে নিজেদের স্থান হারানোয় রংপুরকে খেলতে হবে এলিমিনেটরে। প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা।
সোমবার প্লে-অফের প্রথমদিনের খেলা গড়াবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও খুলনা। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে চিটাগং।
প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফয়ারে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে খেলবে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে। জয়ী দল খেলবে ফাইনালে।
আসরে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছিল সিলেট স্ট্রাইকার্সের। ১২ ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছিল তারা। তাদের আগে ঢাকা ক্যাপিটালস, তাদের জয় তিনটিতে। আর পাঁচে থাকা দুর্বার রাজশাহী প্লে-অফের দৌড়ে টিকে ছিল লিগপর্বের শেষ দিন পর্যন্ত। খুলনার সমান ১২ পয়েন্ট তাদেরও। তবে খুলনার (০.১৮৪) চেয়ে রানরেটে পিছিয়ে থাকায় বাদ পড়ে যায় রাজশাহী (-১.০৩০)।








