চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অনেকে আহত

সীমান্তে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা, আহত ও নিরাপত্তা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ বাংলাদেশী কৃষক। গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে বিনোদপুর ইউনিয়নের ঘণ্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরইগাছ কেটে ফেলেছে।

সীমান্তের এপার-ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল। উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায়।

আর স্থানীয় মিঠুন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে। এতে রনি আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ–অধিনায়ক ইমরুল কায়েস বলেন, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে।

অপর দিকে ভারতীয় সীমান্তেও অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।

বিষয়:চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত সীমান্তে সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…