রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কয়ারে এ বিস্ফোরণ ঘটে।
জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরকসহ এক নারী রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে একজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁটির একজন অতিথি নিহত হন।
মস্কোর বিখ্যাত স্তালিন আমলের একটি আকাশচুম্বী ভবনে অবস্থিত রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে কর্তৃপক্ষ অতিথিদের তালিকা কিংবা হামলার লক্ষ্য কারা ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় একের পর এক মানুষকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হচ্ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, রেস্তোরাঁটির রান্নাঘরে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃতপক্ষে ভবনের বাইরে বিস্ফোরণটি ঘটেছিল।
বিস্ফোরণের পর চত্বরটির আশপাশের রাস্তাগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই সময় শহরের মধ্যে সান্ধ্যকালীন সাইকেল ভ্রমণে অংশ নেওয়ার জন্য কয়েক ডজন সাইকেল আরোহী ঘটনাস্থলের কাছাকাছি জড়ো হয়েছিলেন। পরে তাদের এই সাইকেল ভ্রমণ বাতিল করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।







