নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে কায়েস (১৫) নামে এক অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদি এলাকা থেকে হাত-পা ও বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার কাশেম মিয়ার ছেলে কায়েস। রাতে সে বাসায় ফিরে না আসায় পরদিন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তার মা শারমিন বাদী হয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার দুপুরে বন্দর থানা পুলিশ কলাগাছিয়া ইউনিয়নের নরপদি এলাকায় ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় কিশোরের লাশ উদ্ধার করলে কায়েসের স্বজনরা গিয়ে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের পরিবার।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।








