ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় বর্মণ মুক্তাগাছা থানা এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। বিজয় বর্মণ একটি ঔষধের দোকানে চাকরি করতো। নেশা করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে বন্ধুদের সাথে ময়মনসিংহ শহরে যায় বিজন বর্মণ। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দেয়। এরপর আর বাড়িতে ফেরেননি বিজন। গতকাল শনিবারও দিনভর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এরপর রোববার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পরিবারের লোকজন বিজনের মরদেহ সনাক্ত করে।
নিহত বিজন বর্মণের চাচাতো ভাই সুব্রত বর্মণ বলেন, দুই ভাই ও এক বোনের সংসারে বিজয় বর্মণ ছোট ছেলে। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








