খাগড়াছড়ির চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যাওয়া এক নৈশ প্রহরীর মরদেহ চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) সকালে জেলা সদরের গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদী থেকে তপন উদয় চাকমা (৫৬) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেরাছড়া উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বাড়ির পাশের চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে যান তপন উদয় চাকমা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে চারদিন পর দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় নদীর বালুর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পেরাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা বলেন, ২৮ এপ্রিল জামতলী যুবরাজ পাড়া এলাকায় নিজ বাড়ির পাশের নদীতে লাকড়ি ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে খোঁজাখুঁজি চালানো হচ্ছিল। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








