নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার এমরান মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এমরান কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে এক ব্যক্তির একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতো এমরান। গতকাল রাতে নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পূর্ব শত্রুতার কারণে এই হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।








