বাল্কহেডের সাথে নৌকার সংঘর্ষ, নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

বাল্কহেডের সাথে নৌকার সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের কালিহাতীর ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে পানিতে পড়ে দুইজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে।
সোমবার ৯ সেপ্টেম্বর দুুপুরে উপজেলার জোকারচর ধলেশ্বরী নদীতে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের সাথে নৌকার ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। এসময় সাঁতার কেটে যাত্রীরা পাড়ে উঠতে পারলেও বাবু ও দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন পাড়ে উঠতে পারেনি। পরে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নদীতে কার্যক্রম চালায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভুইয়া জানান, নদীতে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কার্যক্রম শুরু করে। পরে তারা একজনের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা হওয়ার পর উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা জানান, নিখোঁজ দুই ব্যক্তি উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করেছে। যে বাল্কহেডের কারণে এই দুর্ঘটনা সেই নৌযানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।





