ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে রাত্রী চৌধুরী (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: নরসিংদী জেলার রায়পুরার মির্জাচর গ্রামের উমর ফারুকের ছেলে হাফেজ মোহাম্মদ উল্লাহ (২২)। তিনি মসজিদে ইমামতি করতেন। আর স্কুলছাত্রী রাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে। সে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি যাত্রীবাহি নৌকা ২০ থেকে ২৫ জন নিয়ে নবীনগর থেকে তিতাস নদী দিয়ে পাশের জেলা নরসিংদীর মির্জাচরে যাচ্ছিল। পথে নবীনগরের সীতারামুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা অন্যান্যরা সাতরে তীরে উঠলেও দু’জন পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।








