বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ যেন আমাদের ওপর আস্থা রাখতে পারে, সেভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ দেশের ২০ কোটি মানুষকে নিয়ে। আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারাদিন ৮টি বিষয় উপস্থাপন করা হয়েছে, ৩১ দফার ভেতর থেকে আলাদা করে বের করে নিয়ে আসা হয়েছে। ৮টি বিষয় যদি আমরা মাঠে বাস্তবায়ন করতে পারি, সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিছু না কিছু হলেও উপকার পাবে। প্রতিটা মানুষ যেন উপকার পায়। কৃষকের কথা, শিশুদের শিক্ষার কথা, নারীদের স্বাবলম্বী হবার কথা কে বলছে! একজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আমরা এই করেছি-সেই করেছি।
তিনি বলেন, অন্যরা মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের কাজ শুধু সত্য বলে মানুষের কাছে পৌঁছানোর। আমাদের সকলের জন্য কাজ করতে হবে, কোনো নির্দিষ্ট মানুষজনের জন্য না।
তিনি আরও বলেন, প্রার্থী আসবে যাবে, দল রয়ে যাবে; দলের নীতি থেকে যাবে।







