বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ: ধাওয়া পাল্টা ধাওয়া, বাস ভাঙচুর, আহত ১৫

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষের সময় বাস ভাঙচুর ও আহত ১৫ জনের ছবি, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় ভাঙচুর হয়েছে তিনটি যাত্রীবাহী বাস।
বুধবার ১৯ জুলাই দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসতে থাকে। দুপুর একটায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে। তারা ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাঁচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা চালায়। এরপরই বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনটি বাস ভাঙচুর করা হয়। দু’পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহ আলম দাবি করে জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তারা আবাসিক ভবনের জানালার কাঁচ ভাঙচুর করেছে। ভেটেরিনারি হাসপাতালের সামনের মূল ফটক ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ জানান, ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় আমরা তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা শান্ত হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন শান্ত।




