রাজশাহী দুর্গাপুর পুঠিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, একটি হত্যা মামলায় এডভোকেট নাদিম মোস্তফা হাইকোর্টের ছয় মাসের আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সে প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি।







